Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৪:৩২

জ্বালানি তেল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ সভাপতিত্ব করেন। সভায় ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল সরবরাহে সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াসিন আলী বলেন, জেলায় ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলে সেচ দিতে বর্তমানে ৯ হাজার ১২৮টি নলকূপ চালু রয়েছে। এ সময় ডিজেল সরবরাহের ক্ষেত্রে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেন তিনি, যাতে চলমান বোরো মৌসুম ব্যাহত না হয়।

বিজ্ঞাপন

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, তার উপজেলায় জ্বালানি তেলের ক্ষেত্রে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আপাতত এক্সকাভেটর পরিচালনা বন্ধ রাখা হয়েছে।

সভায় জানানো হয়, সংকটকালীন সময়ে তেল নিয়ে যাতে কোনো ধরনের কারসাজি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পেট্রোল পাম্প সর্বোচ্চ ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখতে পারবে। এর বেশি মজুত করলে মোবাইল কোর্টের আওতায় আনা হবে। পাশাপাশি খোলাবাজারে তেল বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) একরামুল হক পাম্পগুলোতে তেল নিতে গিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে কৃষকদের জন্য আপৎকালীন কৃষি কার্ড চালুর সুপারিশ করেন।

এ ছাড়া যানবাহনের ভিড় ও যানজট এড়াতে শিবগঞ্জ উপজেলার পাম্পমালিকেরা সব পাম্পে একই দিনে তেল সরবরাহ করার অনুরোধ জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি রাশিদুল হাসান, পদ্মা ওয়েল পিএলসি রাজশাহীর মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের রাজশাহী অঞ্চলের বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম ইয়াসিন, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বিক্রয় বিভাগের সিনিয়র অফিসার আসাদুজ্জামান সাকিবসহ জেলার পেট্রোল পাম্পমালিকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
১৬ মার্চ ২০২৬ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর