বরিশাল: বরিশালের উজিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ই মার্চ) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই দিনে বিকেলে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে মনিরুল ইসলাম বলেন, তিনি শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাটের ব্যাবসা করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশে ১০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা দাবি করে গত শুক্রবার(১৩ই মার্চ) মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না।