Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৭:১৪

তানিয়া বিশ্বাস লিথি এবং উদ্ধার হওয়া মদ। ছবি: সংগৃহীত।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার স্বামী মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্তকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) গ্রেফতারের পর অভিজিৎ পাড়ই শান্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাটের মোংলা চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় ঐ বসত ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ই এর পুত্র।

বিজ্ঞাপন

তারা আরও জানায়, তানিয়ার উপস্থিতিতেই তার বসত ঘর থেকে কোস্টগার্ড এই বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তানিয়ার স্বামী শান্ত দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গ্রেফতার হন।

মদ উদ্ধারের ঘটনাটি স্বীকার করে তানিয়া বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। বিদেশি মদ তাদের নয়, এই মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যক্তি। তবে ঐ ব্যক্তির নাম তানিয়া কৌশলে এড়িয়ে যান। তারা শুধু তাদের ঘরে এগুলো রাখতে দিয়েছিলেন বলে জানান তিনি।

মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধী কোনো দলের না। আইন সবার জন্য সমান। আর মাদকের সঙ্গে জড়িত থাকলে তিনি দলের যত বড় নেত্রীই হোন না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়ে বলেন, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের এই মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর