পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যু্বক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এসময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ মাঠে তৎপর রয়েছে।