Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার অপরাধে ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৩:২৫

ভাইরাল ভিডিওতে তাস খেলার দৃশ্য।

গাইবান্ধা: গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে বসে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইন্সে যুক্ত করার বিষয়টি শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এবং এসআই আখতার হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির ভেতরে একটি টেবিল ঘিরে কয়েকজন বসে তাস খেলছেন। টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে আছে ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। মাঝেমধ্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাউকে মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখতে এবং তাস নিতে দেখা যায়। সেখানে পুলিশের পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন বলেছেন, ‘ফাঁড়িতে কয়েকজন তাস খেলছিলেন সেখানে বাইরের পুলিশ সদস্যও ছিলেন। তারা টাকা দিয়ে খেলেছেন, যা অপরাধ। ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।’

ঘটনাটিকে গুরুতর অপরাধ উল্লেখ করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জুয়াসহ নানা ধরনের অপরাধ দমন করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। কিন্তু আইনের রক্ষক হয়ে নিজেরাই আইন ভঙ্গ করলে তা আরও গুরুতর অপরাধ। এতে একটি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং মানুষের আস্থা কমে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর