রাজবাড়ী: রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’- এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাতে ফিতা কেটে টাউন হল ‘ডিসি পার্ক’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উদ্বোধন শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে শরীরের যত্ন নেওয়ার তেমন জায়গা নেই। জেলা প্রশাসক এটা করেছে তাকে ধন্যবাদ জানাই। একসময় এখানে চিত্রা হল ছিল। চিত্রা হল ভেঙ্গে ফেলার পর এই জায়গাটি পরিত্যক্ত ছিল। এখন এখানে পার্ক ও ব্যায়াম করার জন্য বিভিন্ন সরঞ্জাম, বসার ব্যবস্থা করা হয়েছে। এটা তৈরি করায় শহরবাসী প্রত্যাশা কিছুটা পূরণ হয়েছে। পাশে যে খালটি রয়েছে সেটি আমরা সংস্কার করব। সংস্কার করলে সে খালটি ব্যবহারের উপযোগী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন। এরপর অতিথিরা নবনির্মিত টাউন হলের চারপাশ ঘুরে দেখেন।