Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর গ্রামীণফোন কর্মী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১১:১৭

আবিদ হোসেন।

যশোর: যশোরে অপহরণের শিকার বলে অভিযোগ ওঠা গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত। যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আবিদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি চাড়াভিটা বাজারের একটি দোকানে অবস্থান করছেন। রাতের দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আবিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হয়েছে তাকে কেউ অপহরণ করেনি। ব্যক্তিগত সমস্যায় পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেই আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি পরিবারকে বিভ্রান্তিকর তথ্য দেন এবং বিভিন্ন বার্তা পাঠান। তবে বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, গেল বুধবার দিবাগত রাতে আবিদের স্ত্রী মিনি খাতুন কোতয়ালী থানায় অপহরণের অভিযোগ করেন। যেখানে উল্লেখ করেন, বুধবার সকালে আবিদ বাড়ি থেকে বের হন। দুপুরে ফোন করে জানান, তিনি খাবার খেতে একটি দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। সন্ধ্যায় অফিস থেকেও জানানো হয় যে, দুপুরে বের হওয়ার পর তিনি আর কর্মস্থলে ফেরেননি। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ তোলা হয়।

অন্যদিকে গ্রামীণফোন কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, আবিদ হোসেন প্রায় চার লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এ অভিযোগে কোম্পানির পক্ষ থেকেও থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর