Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রাকচাপায় আইনজীবী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৮:৫৯

নিহত অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট।

চট্টগ্রাম: জেলার কর্ণফুলীতে ট্রাকচাপায় অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে।

পেশায় তিনি আইনজীবী এবং পরিবারের বড় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের পিতা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে করে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন তিনি আর বেঁচে নেই। আজ শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, নিহত সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ও দুই বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর