Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ৬ একর বনভূমি দখলমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৪:৪৪

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বনবিভাগ। একইসঙ্গে সংরক্ষিত বনের ভেতর দিয়ে অবৈধভাবে বালু ও পাহাড়ি মাটি পরিবহনের জন্য তৈরি করা একটি রাস্তা কেটে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া একটি নির্মাণাধীন অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উদ্যোগে উখিয়া, ইনানি, রাজারকুল ও ধোয়াপালং রেঞ্জের কর্মকর্তাদের সমন্বয়ে এবং বিশেষ টহল দলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে উখিয়া সদর বিট এলাকায় প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। পরে ওই জায়গায় পিথরাজ, তেলসুর, নিমসহ বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করা হয়, যাতে ভবিষ্যতে আবার দখলের সুযোগ না থাকে।

বিজ্ঞাপন

অভিযানের সময় দোছড়ি বিটের হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের ভেতর দিয়ে অবৈধভাবে বালু ও পাহাড়ি মাটি পরিবহনের জন্য তৈরি করা একটি রাস্তা কেটে বন্ধ করে দেওয়া হয়। বনভূমির ভেতর দিয়ে এমন অবৈধ রাস্তা ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি ও বালু পাচারের অভিযোগ রয়েছে।

এ ছাড়া থাইংখালী বিটের শিয়ালিয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি খলের চেষ্টা নস্যাৎ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম। এ সময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড়সহ সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মীরা অভিযানে অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনভূমি দখল, গাছ কাটা এবং অবৈধভাবে পাহাড়ি মাটি ও বালু পাচারের বিরুদ্ধে বনবিভাগের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বনভূমি রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বনবিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর