Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় হঠাৎ বৃষ্টিতে পানির নিচে আলু খেত

সিয়াম হাসান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১২:১৩

পানিতে তলিয়ে যাওয়া আলু খেত।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলু খেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রংপুরে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৯টার মধ্যে আরও ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অনেক কৃষক জানিয়েছেন, আলু তোলার ঠিক এই সময়টিতে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।

অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুর খেতগুলো আংশিক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

পানিতে তলিয়ে যাওয়া খেত থেকে আলু তোলা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউনিয়নের কৃষকরা। জয়পুরহাটের কালাই উপজেলা সংলগ্ন এই দুই ইউনিয়নটি গত কয়েক দশক থেকে আলু চাষ করছে। তবে বিরূপ আবহাওয়া ও দাম পড়ে যাওয়ায় হতাশ এই দুই অঞ্চলের কৃষকরা। তার ওপর বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হওয়া বৃষ্টি তাদের কাছে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে তৈরি হয়েছে ‌।

কৃষক রায়হানুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকদিন ধরেই আলু তোলার কাজ করছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।’

আরেক কৃষক ফুল মিয়া বলেন, ‘অনেক জমিতে আলু তোলার কাজ এখনো বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আলু তোলা বন্ধ রাখতে হয়েছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে।’

আলু তুলে স্তূপ করা হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলুর জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে মাটির নিচে থাকা আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কয়েকদিন টানা বৃষ্টি হয়, তাহলে অনেক কৃষককে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রংপুর আবহাওয়া অফিসের আওতাধীন বিভিন্ন জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখি ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরমধ্যে আজ শুক্রবার রংপুর বিভাগ জেলার উপর দিয়ে বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর