কক্সবাজার: জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের আদর্শপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বুশরা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্র জানা গেছে, বিকেল ৪টার দিকে গুরুতর আহত ৬ জনকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে জান্নাতুল মাওয়া (১৪) ও কহিনুর আক্তারের (৩০) শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত বুশরা খাতুন উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আহম্মদের মেয়ে। দুর্ঘটনার পর তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন ফারেজ (৫), ফায়জা (৩) ও দেলোআরা (৬০)। তাদের মধ্যে ফারেজ মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে তিনজন কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রামু তুলাবাগান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।