কক্সবাজার: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়ার মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ মাত্র ৫ বছর বয়সে মাকে হারান। তার বাবা বর্তমানে কর্মক্ষম নন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ফরহাদ। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
হঠাৎ এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মহেশখালী হাসপাতালে তার মরদেহ দেখে স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয়রা জানান, পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই যুবকের অকাল মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।