ব্রাহ্মণবাড়িয়া: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘এরইমধ্যে ফ্যামিলি কার্ডের অর্থ নারী প্রধানদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এ কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ নেই। নির্ধারিত কিছু মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের নির্বাচন করা হচ্ছে। এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না। সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। জনগণের মধ্যে যারা সবচেয়ে প্রান্তিক এবং আর্থিকভাবে দুর্বল, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী বাজেট থেকে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। তাই আশ্বস্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি কেবল বিশেষ কয়েকজনের জন্য নয়; পর্যায়ক্রমে সকলের কাছেই এই সুবিধা পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘একটি দল একজন উপদেষ্টার বক্তব্য বিকৃত করে পুরো নির্বাচনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এটি রাজনৈতিক দেউলিয়াত্ব এবং পুরোনো বন্দোবস্তের রাজনীতি। বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থভিত্তিক কাজ করেই এ দেশে আগামী দিনের রাজনীতি করতে হবে। সেই রাজনীতিকেই জনগণ সমর্থন করবে। অপরাজনীতি বাংলাদেশের মানুষ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।’
এদিন পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের বাছাই করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন। পর্যায়ক্রমে আরও দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।