Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২৩:০৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২৩:০৪

ইজিবাইকচালক শামসুল আলম।

কক্সবাজার: জেলার রামু উপজেলার একটি রাবার বাগানের গহীন অরণ্য থেকে নিখোঁজের এক দিন পর শামসুল আলম নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার রাবার বাগান কারখানার পূর্ব পাশের জঙ্গলের একটি জিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুল আলম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় ইজিবাইক (মিশুক) চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল তিনটার দিকে শামসুল আলম বাড়িতে বাজার পৌঁছে দিয়ে নিজের ইজিবাইক নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি রাবার বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় জঙ্গলের একটি জিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহের ছবি দেখে নিহতের পরিবারের সদস্যরা রামু থানায় গিয়ে বিষয়টি জানান।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি জঙ্গলের নির্জন স্থানে পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে বা তার ইজিবাইকটির বর্তমান অবস্থান কোথায়, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর