Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাণীনগরে মামলার জটে সরকারি পুকুর, রাজস্ব হারাচ্ছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৭:৫৩

রাণীনগরের একটি পুকুরের চিত্র।

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় শতাধিক সরকারি পুকুর মামলার জটিলতায় বছরের পর বছর ইজারার বাইরে রয়েছে। এসব পুকুর জনস্বার্থ, মসজিদ-মাদ্রাসা বা মন্দিরের উন্নয়নের কথা বলে ভোগদখলের জন্য করা মামলার কারণে ইজারা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাণীনগরে সরকারি রাজস্বভুক্ত পুকুরের সংখ্যা ৫৮৫টি। কিন্তু মামলার কারণে পুকুরগুলো দীর্ঘদিন ধরে ইজারার বাইরে থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি জনস্বার্থের কথা উল্লেখ করে মামলা করে পুকুর নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরে অন্যের কাছে ইজারা দেন। এভাবে পুকুর থেকে প্রতিবছর যে আয় হয়, তা সরকারের কোষাগারে না গিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন চক্রের কাছে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বর্তমানে যে পুকুরগুলো ইজারা দিলে সরকার বছরে প্রায় পাঁচ লাখ টাকা রাজস্ব পেতে পারে, মামলার কারণে সেগুলো অন্যরা বাদীর কাছ থেকে নামমাত্র মূল্যে ইজারা নিচ্ছেন। ফলে সরকার দীর্ঘদিন ধরে সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জেলার অন্যান্য উপজেলাতেও প্রায় সহস্রাধিক খাস পুকুর একই সমস্যায় রয়েছে বলে স্থানীয়রা জানান।

বর্তমানে রাণীনগর উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১১৫টি পুকুর ব্যক্তি বা জনস্বার্থের নামে করা মামলার কারণে ইজারার বাইরে রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব পুকুর দীর্ঘদিন ধরে দখলে রাখা হয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, মামলাভুক্ত পুকুর থেকে যে অর্থ আয় হয়, তার সামান্য অংশও স্থানীয় মসজিদ, মাদ্রাসা বা মন্দিরের উন্নয়নে ব্যয় না হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে বেলঘরিয়া গ্রামের বাসিন্দা মো. আফতাব উদ্দিন জানান, ২০০৪ সালে বেলঘরিয়া গ্রামের মোবারক হোসেন জনস্বার্থ ও স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নের লক্ষ্যে বেলঘরিয়া মৌজার কয়েকটি পুকুরের বিরুদ্ধে মামলা করেন। পরে তার মৃত্যুর পর পুনরায় মামলা করা হলে রায় তাদের পক্ষে যায় এবং সেই পুকুরগুলো স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

পুকুর দখল প্রসঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ কারও ব্যক্তিগত ভোগের জন্য নয়। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর খাস পুকুর দখলে রেখে সরকারের রাজস্ব ক্ষতি করা হচ্ছে। দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে পুকুরগুলো উদ্ধার করা প্রয়োজন।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘খাস পুকুর ইজারা থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আসে। কিন্তু বিভিন্ন মামলার কারণে উপজেলায় শতাধিক পুকুর ইজারার বাইরে রয়েছে। এরমধ্যে ৩১টি পুকুরের তালিকা করে সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পুকুর জনস্বার্থে ব্যবহারের উপযোগী, সেগুলো জনগণের জন্য উন্মুক্ত করা হবে এবং অন্যগুলো ইজারার আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন
১০ মার্চ ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর