সিলেট: সিলেট সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচাররোধে কড়া নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারির পাশাপাশি প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজিবি।
শনিবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ইরান ও ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট তৈরি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারি বাড়িয়েছে।
বিজিবির সদর দফতরের নির্দেশনায় সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এর অংশ হিসেবে শূন্যরেখা থেকে ৮ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা এবং বিভিন্ন স্থলবন্দর, এলসিপি (ল্যান্ড কাস্টমস পয়েন্ট) ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) এলাকায় কড়া নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি জানায়, স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার, জ্বালানি স্টেশন ও পরিবহণ কার্যক্রম মনিটরিং এবং সন্দেহভাজন রুটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আকস্মিক তল্লাশি পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, কাস্টমস, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের সম্ভাব্য পাচার ও অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে বৈধ সীমান্ত বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।