Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে জেলেদের জালে ২০০ কেজি ওজনের ‘বোল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২৩:৩৯ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১১:১৫

টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের ‘বোল’। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ২০০ কেজি ওজনের একটি বড় আকারের ‘বোল’ মাছ ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে তোলা হয়। এর পর সেটি বিক্রি হয়ে যাওয়ায় বরফ দিয়ে সংরক্ষণ করে টেকনাফের আল গালিব ফিশারিতে রাখা হয়েছে।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, মো. রাসেলের মালিকানাধীন একটি ট্রলার ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। পরে ট্রলারটি মাছটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে টেকনাফে ফিরে আসে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি ও জাফর মিলে মাছটি খরচসহ প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।’

সিরাজুল ইসলাম আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মাছ বাজারে মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।

ট্রলারের মালিক মো. রাসেল জানান, তার ট্রলারটি ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। পরে সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় জালে একটি বড় আকৃতির বোল মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজুল ইসলামের কাছে বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, “স্থানীয়ভাবে ‘বোল’ নামে পরিচিত এ মাছটি (রায়মাস বোলা) বঙ্গোপসাগরে শীত মৌসুমে ধরা পড়া একটি মূল্যবান ও তুলনামূলক বিরল প্রজাতির মাছ। সাধারণত এসব মাছের ওজন ৫ থেকে ১৫ কেজি হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজির বেশি ওজনের বড় মাছও জেলেদের জাল বা বড়শিতে ধরা পড়ে।”

তিনি বলেন, ‘বড় আকারের বোল মাছ বাজারে উচ্চমূল্যে বিক্রি হয় এবং জেলেদের কাছে এটি অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর