Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেবি উপাচার্যের অপসারণ দাবিতে আলটিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৭:৩৫

উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন

রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে ‘আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা দাবি করেন, রাজশাহী নগরের সিলিন্দা এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পে অনিয়ম হয়েছে এবং ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে পরিচালক ও হিসাবরক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত উপাচার্যের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বর্তমান সরকারের কাছে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর