রংপুর: মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, রোববার (১ মার্চ) ডিবিসি নিউজে প্রচারিত সংবাদে দেখা গেছে— সকাল ৯টা ৪০ মিনিটে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন। এটি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশ অনুযায়ী প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান বাধ্যতামূলক।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ২৪ ফেব্রুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছিল।
এমতাবস্থায় বিনা অনুমতিতে বিলম্বে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধি ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও ত্যাগের নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছিল। এরপরও রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিলম্বে উপস্থিতির ঘটনা ঘটায় কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনা রংপুরে প্রশাসনিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, শীর্ষ কর্মকর্তারা যদি নিয়ম মানেন, তাহলে সাধারণ কর্মচারীদের কাছ থেকে সময়ানুবর্তিতা আশা করা যায়।