রাজবাড়ী: রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজলুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সদর উপজেলার পৌর শহরের ভবানিপুর ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় নিজ বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গনে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নেন তিনি।
প্যারোলে মুক্তি পাওয়া মো. ফজলুর রহমান রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার খালেক প্রামাণিকের ছেলে। ফজলুর রহমান ২০১৯ সালের জিআর ৫১/১৯ নম্বর মামলার (রাজবাড়ী সদর থানার নারী ও শিশু মামলা) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আছেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে আসামি ফজলুর রহমানের বাবা খালেক প্রামাণিক ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে আসামি ফজলুর রহমানের ভাই মো. শামীম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ফজলুর রহমানের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আসামি ফজলুর রহমান তার বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় ফজলুর রহমান তার বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।