Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের রায়কে আদালতে নেওয়া হলে এনসিপি প্রতিরোধ গড়ে তুলবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২২:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম

কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বিএনপি সরকারকে সতর্ক করে বলেছেন, জনগণের দেওয়া রায়কে যদি আদালতে নেওয়ার চেষ্টা করা হয়, তবে এনসিপি রাজপথে নেমে জোরালো প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন, সংবিধানের কথা যারা তুলছেন, তাদের আগে ভাবতে হবে—সংবিধান মানলে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হয়। বর্তমান সরকার কি সেটি মেনে নেবে? এ সময় তিনি অযথা পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই গণভ্যুত্থানের চেতনা ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের এক বছর উপলক্ষ্যে এনসিপি সারাদেশে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে কুমিল্লা বিভাগীয় কমিটি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, ‘জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হলে যারা এই সনদের ভিত্তিতে সরকার পরিচালনা করছেন, তাদের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। এমনকি তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব নিয়েও বিতর্ক সৃষ্টি হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরওদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, আদালতের ব্যাখ্যা নয়। তারা আগামী দিনগুলোতে দলকে আরও সুসংগঠিত করে নাগরিক অধিকারের আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর