সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সিরাজগঞ্জের ব্যস্ততম মহাসড়কে বিশেষ এস্কট সেবা চালু করেছে জেলা পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার সীমান্ত পারাপারে এই ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সিরাজগঞ্জ পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহণে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকরে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির জন্য দেওয়া হচ্ছে পুলিশি এস্কট। পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা অতিক্রম করানো হবে। যাত্রাপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরের মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহণের ড্রাইভার ও হেলপাররা।
সিরাজগঞ্জ লাইনের বাসের ড্রাইভার আজাদ রহমান বলেন, ‘পুলিশের দৃশ্যমান উপস্থিতি যাত্রীদের মনে নিরাপত্তাবোধ বাড়িয়েছে এবং যাত্রাপথ আরও স্বস্তিদায়ক হবে। ঈদযাত্রায় সবাই ট্রাফিক আইন মেনে চলাচল করলে যাত্রাপথ আরও ভালো হবে।’
উল্লেখ্য, এ এস্কট সেবা পেতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলফোন নম্বর ০১৩২০১২৯৮২৪, ডিউটি অফিসারের মোবাইলফোন নম্বর ০১৩২০১২৯৮২৯ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমের মোবাইলফোন নম্বর ০১৩২০১৩০৪৯৮-এ যোগাযোগ করা যাবে।
এস্কট সেবা বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, ‘ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উত্তরের গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এস্কট টিম মোতায়েন করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘রাতের বেলায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনকে নির্দিষ্ট পয়েন্ট থেকে এস্কট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে; যাতে কোনো ধরনের অপরাধ, ছিনতাই বা দুর্ঘটনা এড়ানো যায়। পাশাপাশি মহাসড়কে অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযান এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।’
এ ছাড়াও, সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।