বগুড়া: জেলায় খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌণে একটার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।
রোববার (১ মার্চ) সকালে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান।
উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাসে তল্লাশি চালিয়ে শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।