ঠাকুরগাঁও: সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দিব না। এগুলো দেখার জন্য দুদক আছে। এদিকে সময় নষ্ট না করে দেশকে ভবিষ্যতের জন্য আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে নিতে পারব সেদিকে নজর দেওয়া উচিৎ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দফতরের অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে এরইমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি ঠাকুরগাঁওয়ে কি কি উন্নয়ন মূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও নিয়ে মহাসচিব বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নে আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার জন্য কাছ করা হচ্ছে।
তিনি আরো বলেন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।
পদেষ্টাদের দুর্নীতি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারব, গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে পারব, সেই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ইরশাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুন ভুঁইয়া প্রমুখ।