রাজবাড়ী: জেলায় বিদেশি পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ মুন্না মন্ডল (২২) নামে যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি লোকাল বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মুন্না কুষ্টিয়া দৌলতপুরের বাঘযোগ কাস্টম এলাকার মনিরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী সাগর নামের লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে মুন্নার পরিহিত জ্যাকেট তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, ‘বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মুন্নাকে আটক করা হয়। জিঞ্জাসাবাদে জানা গেছে, সে কুষ্টিয়া থেকে এসব আগ্নেয়াস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছিল। সে বহনকারী নাকি ব্যবসায়ী, তা তদন্ত সাপেক্ষ বলা যাবে।’