Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাটমোহরে জামায়াত নেতাকে মারধর, বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫

পাবনা: পাবনার চাটমোহরে হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আতিকুর রহমান সাচ্চুকে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা ও পৌর জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের আহ্বানে ওইদিন হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন ছিল। বিকেল তিনটায় জমা পড়া টেন্ডারের বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।

বিজ্ঞাপন

দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং নির্ধারিত বাক্সে তা জমা দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এর কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবের ওপরও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা তাকে মারধর শুরু করলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে বিএনপির এক নেতার সহায়তায় হাবিব সেখান থেকে সরে যান। এ ঘটনায় পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ‌মারপিটের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ১৭। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছে তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিলনা। আমি জানতামও না। আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে। কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার উপর হামলা করে। জামায়াত নেতৃবৃন্দ আলোচনা করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, মামলাটি ষড়যন্ত্রমূলক। ঘটনার সাথে হাট-বাজার ইজারা নেওয়া লোকজন জড়িত। বিএনপির কেউ জড়িত নয়। বরং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলাকারীদের হাত থেকে ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করেছি। জামায়াতের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এদিকে, বৃহস্পতিবার ঘটনার পরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াতের সেক্রেটারির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। একইসঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর