Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউটসোর্সিং কর্মীদের বেতন পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০

ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাট জেনারেল হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীদের বেতন পাইয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছে কর্মীরা। তাদের অভিযোগ, বেতন পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেন মহিতুর রহমান। এছাড়া, বেতন দেওয়ার সময়ও জনপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এর কাছে অভিযোগ করেন আউটসোর্সিং কর্মীরা।

জানা গেছে, বাগেরহাট জেনারেল হাসপাতালে ৯৪ জন আউটসোর্সিং কর্মী কর্মরত রয়েছেন। এদের মধ্যে ৬৬ জন পূর্বের নিয়োগে চাকরি করছেন এবং নতুন নিয়োগ পেয়েছেন ২৮ জন। তবে পূর্বের নিয়োগপ্রাপ্ত ৬৬ জন আউটসোর্সিং কর্মীর ২০২৫ সালের জুন মাস থেকে বেতন বন্ধ রয়েছে। প্রতিমাসে তাদের বেতন ১৬ হাজার ৫০০ টাকা। গত আট মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

বিজ্ঞাপন

আউটসোর্সিং কর্মী আকলিমা বেগম বলেন, ‘আট মাস ধরে বেতন নেই। বাসা ভাড়া, বাজার সবকিছু বন্ধ হওয়ার উপক্রম। ধারদেনা করে সংসার চালাতে হয়।’

আরেক কর্মী বর্ণা বলেন, ‘আমরা গরিব মানুষ। ছোটো কাজ করি, বেতন না পেলে কীভাবে চলব? আগে বেতন দিলে ৫০০ থেকে এক হাজার টাকা করে কেটে নেওয়া হতো।’

আউটসোর্সিং কর্মীদের সাধারণ সম্পাদক মো. আলামিন বলেন, ‘আমরা খুব খারাপ অবস্থায় দিন পার করছি। দীর্ঘদিন বেতন পাচ্ছি না। দ্রুত বেতন করিয়ে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মহিতুর রহমান বিভিন্ন সময়ে দেড় লাখ টাকা নেন কিন্তু এখন পর্যন্ত বেতন পাইনি।’

এ বিষয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক কর্মকর্তা মহিতুর রহমান, বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। নিয়ম অনুযায়ী সব কাজ হচ্ছে।’

বাগেরহাট -২ সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, ‘আউটসোর্সিং কর্মীদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি তদন্ত করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর