গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক সাপমারা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা এক বিবৃতিতে তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুর রহমান আকন্দ বলেন, ‘কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দলের নয় । বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যে শৃঙ্খলাবিরোধী কাজ করবে তার স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে হবে না।’
এর আগে, রোববার রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তরফ কামাল গ্রামে অভিযান চালায়। অভিযানে আনোয়ারুল ইসলাম (৩৮) তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক হন। তিনি ওই গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার শয়নকক্ষ তল্লাশি করে ড্রয়ারে রাখা একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিন মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা; প্রতিটি পাতায় ১০টি করে মোট ২ হাজার ৮৫০ পিস ট্যাবলেট পাওয়া যায়। যার ওজন প্রায় ১ দশমিক ১৯৭ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আনোয়ারুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।