ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা এবং তার কর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মো. আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারে ৫জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত পৌনে ১২টার দিকে শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহিদ বেদির সামনে দাঁড়ালে আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুষ্পস্তবক অর্পণ না করেই এলাকা ত্যাগ করেন সংসদ সদস্য।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঘটনার পরদিন আশুগঞ্জে সংবাদ সম্মেলন করেন তার সমর্থকরা। এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাবুল। বক্তারা বলেন, রুমিন ফারহানার ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের মানুষ হতাশ। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন করায় তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়।