চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের হুজরাপুর রায় গোবিন্দ মন্দিরে হামলা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মো. শাকিল হোসেন রহেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাকিল শহরের ১নম্বর কলোনী এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সদর মডেল থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাকিল ওই মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, হামলার সিসিটিভি ফুটেজ তাদের সংগ্রহে রয়েছে। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরের ক্ষয়ক্ষতির অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। আটক আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।