গাইবান্ধা: জেলায় মিছিল নিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে পুষ্পমাল্য নিয়ে তারা একটি মিছিল বের করেন। পরে মিছিলটি পৌরপার্কে অবস্থিত শহিদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে বের হওয়ার সময় পুলিশ ওই দুই নেতাকে আটক করে।