Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাফ নদী থেকে ধরে নেওয়া ৭০ জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

নাফ নদী। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জেলেকে ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হবে। দেশে ফিরিয়ে আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।’

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুরে প্রতিনিধিদলটি টেকনাফ জালিয়াপাড়া ঘাট থেকে যাত্রা করে। নির্ধারিত স্থানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জেলেদের বুঝে নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একাধিক ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বর্তমানে তাদের হাতে অন্তত ২০০ জেলে জিম্মি রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি জেলে। টেকনাফের জেলেদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে স্বজনদের ফেরার অপেক্ষায় রয়েছে। ৭০ জন জেলের ফেরত আসার খবরে সীমান্ত এলাকায় স্বস্তির আবহ তৈরি হয়েছে।

বিজিবি জানিয়েছে, ফেরত আনা জেলেদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি সীমান্তে মাছ ধরতে গিয়ে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে জেলেদের সতর্ক করা হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর