Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে বিএনপি সমর্থকের বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

আগুনে পোড়া যশোরের বাসটি।

যশোর: যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালপত্র ধ্বংস হয়ে যায়। পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বাস মালিক ও স্থানীয়রা।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের সময় বাসটি দলীয় কাজে ব্যবহার করা হয়েছিল। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ অন্য নেতা-কর্মীরা জানান, বাসের মালিক বেলাল যুবদল কর্মী। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে আক্রোশের শিকার হতে পারেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে রাতেই তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর