Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগেঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

যৌথবাহিনীর বিশেষ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রামে একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার রড ও চকোলেট বোমা উদ্ধার করা হলেও কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২ টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাংয়ের ব্যবহৃত আস্তানা থেকে ১৬ টি ধারালো দেশীয় অস্ত্র, ৫ টি লোহার রড এবং ৩০ টি চকোলেট বোমা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে পরিচালিত এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। তারা দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর