Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: সাদিক কায়েম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৪

সিলেট: ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, এই দেশে ভারতীয় দাদাগিরি চলবে না। সীমান্তে হত্যা চলতে দেওয়া যাবে না। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জ থানা সদর প্রাইমারি স্কুল মাঠে ছাত্র ও যুব সমাবেশে বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার সঙ্গে দোয়া করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ‘এই সমাবেশে কোনো চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ–টেন্ডারবাজমুক্ত ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।’

বিজ্ঞাপন

এ আসনের প্রার্থী জয়নাল আবেদীনকে যোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে বিজয়ী করতে পারলে এ অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। দাঁড়িপাল্লার প্রার্থীরাই শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবেন।’

ফ্যাসিবাদী আচরণ নতুন বাংলাদেশে চলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশ চলবে জনগণের ইচ্ছায়। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে তরুণরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও গোটা দেশ সেই রায় দেবে।’

সমাবেশের প্রধান অতিথি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ‘ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোটের জোয়ার সৃষ্টি করতে হবে।’

উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, ডাকসুর ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং জামায়াত নেতা অধ্যাপক আব্দুল হান্নান।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে। সিলেটবাসী ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিল। ২০২৬ সালেও তারা ভুল করবে না।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর