Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন বিজিবি ও শিক্ষক-শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৩:৫৭

মাহরীন চৌধুরীর পারিবারিক কবরস্থানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিজিবির সদস্যরা।

নীলফামারী: বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং বর্ডারগার্ড স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মাহরীন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তারা তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, ‘মাহরীন ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার মতো শিক্ষকদের কারণেই সমাজে এখনো একটা মূল্যবোধ টিকে আছে। বাবা মায়ের পরে যে শিক্ষকের অবস্থান মাহরীন ম্যাম এই কথাটি আবারও প্রমাণ করলেন। তিনি দেখিয়ে দিয়েছেন বাবা মায়ের পরে শিক্ষকরাও কীভাবে তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য জীবন দিতে পারে।’

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইফ বলেন, ‘আমাদের বাবা মায়েরা যে ভরসায় আমাদেরকে স্কুল বা কলেজে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন সেই ভরসার জায়গাটা মাহরীন ম্যাম আরও শতগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে স্কুলে শিক্ষকরা অভিভাবকের দায়িত্ব পালন করেন।’

বিজিবি সেক্টর কমান্ডার গোলাম রব্বানী বলেন, ‘আমরা সবাই অবগত আছি মাহরীন ম্যাম তিনি ৮০% দগ্ধ হাওয়ার পরেও আপ্রাণ চেষ্টা করে গেছেন তার শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে। তার এই মহান আত্মত্যাগ, মানবিকতা তার সাহসিকতা পুরা জাতিকে অনুপ্রাণিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য বিজেপি পরিবারও অনুতপ্ত। বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজেপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহীয়সী নারীর শেষ ঠিকানায় সময় দিতে, শ্রদ্ধা নিবেদন করতে। আমরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছি।’

সারাবাংলা/এমপি