Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৪:৪৪

রংপুর: রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রংপুরের ছাত্র-জনতা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টায় সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা স্কুল হয়ে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মিছিলে ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, মধ্যযুগীয় কায়দায় যেভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। এর সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

স্থানীয় বাসিন্দা আবজাল হোসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমালোচনা করে বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় আবার কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তবে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না।

এদিকে বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহবায়ক ইমরান আহমেদ বলেন, চাঁদাবাজির অভিযোগে কাউকে বহিষ্কার করলেই বিচার হয়ে যায় না। সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা। তাদেরকে শুধু বহিষ্কার না শাস্তির আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি তা না করে বহিষ্কার নাটক সাজিয়েছে। এসব করে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, হত্যা, অপহরণ, নির্যাতনের মতো অপরাধ বন্ধ করা যাবে না। বিএনপির উচিত হবে তাদের দলের চিহ্নিত সন্ত্রাসীদের একযোগে বহিষ্কার করা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো