বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত হওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত-শত নারী-পুরুষ মিস্ত্রীডাঙ্গা গ্রামে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেন। পরে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলও করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এতে সময়মতো ফসল আবাদ করা যায় না। অনেক ক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনও জমি অনাবাদি পড়ে থাকে। ফলে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।’
মানববন্ধনকারীরা বলেন, কৃষকদের বাঁচাতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তারা দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।