Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বয়স তো শুধু সংখ্যা

সানজিদা যুথী
৫ জুলাই ২০২৬ ১৭:৫০

আয়নায় আজও আমি নিজেকেই খুঁজি, চোখের কোণে কয়েকটি রেখা— ওগুলো হার মানার দাগ নয়, জীবন জিতে আসার মানচিত্র।

আমি আজও সাজি, নিজেকে ভালোবাসি বলে। আমি আজও হাসি, ভেতরের শিশুটা এখনও বেঁচে আছে বলে।

তোমরা বলো— ‘তোমার বয়স হয়েছে, এটা আর তোমার জন্য নয়।’

আমি শুধু মুচকি হেসে ভাবি, স্বপ্নেরও কি বয়স হয়? আকাশ কি কখনও বলে, আজ আর নীল হব না?

ফুল কি ফোটা বন্ধ করে, ক্যালেন্ডারের পাতার হিসেব দেখে? নদী কি বয়ে চলা থামায়, কেউ তাকে পুরোনো বলেছে বলে?

বয়স আমার শরীরে, কখনোই আমার মনে নয়। আমার মন আজও বৃষ্টিতে ভিজতে চায়, নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়াতে চায়, প্রিয় গান শুনে নিঃসংকোচে নেচে উঠতে চায়।

বিজ্ঞাপন

যারা আঙুল তুলে বলে, ‘এটা তোমার বয়সে মানায় না,’ তাদের বলছি, মানিয়ে চলতে চলতেই অনেক জীবন ফুরিয়ে গেছে।

আমি আর মানাতে আসিনি, আমি বাঁচতে এসেছি।

আমার বয়স নয়, আমার সাহসই আমার পরিচয়। আমার মুখের ভাঁজ নয়, আমার হাসিই আমার সৌন্দর্য।

কারণ আমি জানি, বয়স কেবল একটি সংখ্যা— আর মন? মনই তো জীবনের সবচেয়ে সুন্দর ঋতু।

তাই আজও নিজেকে ভালোবাসি, আজও স্বপ্ন দেখি, আজও সাজি, আজও বাঁচি— কারণ জীবনের সবচেয়ে সুন্দর সময়, হয়তো এখনও শেষ হয়ে যায়নি।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর