ঢাকা: অমর একুশে বইমেলার অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি ঘোষিত পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান। ২০২৫ সালের জন্য কবিতায় মোহন রায়হানের নামসহ বিভিন্ন ক্যাটাগরিতে নয় জনের নাম ঘোষণা করে বাংলা একাডেমি। কিন্তু পুরস্কার প্রদানের দিন জানা যায়, কবিতায় বাংলা একাডেমি পুরস্কার স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই নির্বাচিত নয়জনের মধ্যে আটজন লেখকের নাম ঘোষণা করা হয়। তবে সামনের সারিতে বসা থাকলেও মোহন রায়হানের নাম ঘোষণা করা হয়নি। কিন্তু কেন নাম ঘোষণা করা হয়নি, তাৎক্ষণিকভাবে বাংলা একাডেমি তা জানায়নি। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল থেকে চলে যান মোহন রায়হান। পরে পুরস্কারপ্রাপ্ত আট লেখক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বাংলা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
এদিকে বিকেলের দিকে নিজের ফেসবুকে পোস্টে মোহন রায়হান লিখেন, “প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।”
এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, মোহন রায়হানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ওঠায় কবিতায় ঘোষিত পুরস্কার আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।