Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুস্তাফিজুর রহমান নাহিদের কবিতা


৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩

ফের দেখা হবে

একদিন ঠিক চলে আসব
একদিন ফের দেখা হবে আমাদের
বৈকালিক আয়োজন শেষে গোধূলি বেলায়
কিংবা সন্ধ্যায় চা-চক্রের পরে
হঠাৎ তোমার দরজায় কড়া নাড়ব
কিছুটা অপ্রস্তুত হবে তুমি
অতঃপর স্মিত হেসে নিমন্ত্রণ জানাবে।
সুবোধ ছেলের মতো ঢুকে পড়ব তোমার ডেরায়
একটু একটু করে খসে পড়বে
আমার অনাদিকালের জমানো স্মৃতি
কথার ফুলঝুরিতে হারিয়ে যাব আমি
তোমার হয়তো কোনো কথাই বলার থাকবে না
থাকলেও
আমার কথার ভিড়ে ঢেকে যাবে সেসব
কিংবা খুব যত্ন করে শুধরে নেব নিজেকে
রাশি রাশি মুগ্ধতা নিয়ে
নির্বাক শ্রোতা হব সেদিন
সেদিন কেবল তোমার কথাই শুনব
কতকাল সেসব অমৃত কথা শুনি না।

পরবাসী সুখ

সুখ সহজেই পরবাসী হয়
কেবল স্মৃতির দেওয়ালে জমে থাকা দুঃখ
মধ্যরাতে শিশির হয়ে ঝরে।
পরবাসী সুখের গায়ে তীব্র আঁচড় কেটে
জানিয়ে দেয় সঞ্চিত অর্জন
সুখদেবতা বড্ড বেশি স্বার্থপর
সে বেলায় বেলায় ছেড়ে যায়
অবশিষ্ট থাকে নির্বাক দুঃখ।

বিজ্ঞাপন

সেই সব দিন

বৈশাখে প্রকৃতি পাগলা হাতির মতো নেচে ওঠে
নেচে ওঠে আম-জাম-কাঁঠালের বন
সে দোলায় দোল খায় খেয়ালি মন।
বৈশাখী বাতাসে একটু একটু করে উড়ে যায়
বয়সী মনের জমে থাকা ধুলোবালি
খুব স্পষ্ট হয় ছেলেবেলার সেই সব বৈশাখী দিন।
ঈশান-কোণে ভয়ংকর কালো মেঘ
স্কুলের দেয়ালজুড়ে আধো ছায়া আধো আলো
মেঘেরা বৃষ্টি হওয়ার আগে ছুটির ঘণ্টা
গেঁয়ো পথ দিয়ে ছড়া কাটতে কাটতে বাড়ি ফেরা
ছুটি গরম গরম রুটি।
অতঃপর বাড়ি ফিরে
ডোলা নিয়ে আম কুড়ানো
কলাচারা-চিনুটোরা-বরইচারা-সাগুরে-সিঁদুরে
বাহারি নামের সেই সব আমগাছের নিচে
টুপটাপ কাঁচা-পাকা আম ঝরে পড়ার প্রতীক্ষা
কখনো বায়ুদেবতার কাছে শরণাপন্ন হওয়া
আম কুড়ানো আম রে ঝড়ের বাতাস ছেড়ে দে
পবন রে ডাকবে আমারে একটা আম দে।
এমন বৈশাখী দিনে
ঘুড়ি নিয়ে দুই ভাইয়ের আমন খেতে দৌড়াদৌড়ি
পুকুরে ডুব-সাঁতার, ঘরে বসে বৃষ্টির শব্দ উপভোগ
জানালা কিংবা বারান্দায় দাঁড়িয়ে জল বিয়োগ
দল বেঁধে লুডু খেলা, চারগুটি, ষোলগুটি,
রাম-সাম-যদু-মধু, কাঁঠাল কাঁঠাল খেলা
চালভাজা, মুড়ি, খই খাওয়ার দিন
হারিয়ে গেছ অন্তত বছর ত্রিশ আগে
তবুও বৈশাখ এলে সেই সব দিন জাগে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর