সকালের অলসতা কাটাতে কিংবা অফিসের কাজের চাপ বা স্ট্রেস সামলাতে আমাদের প্রথম ভরসাই হলো এক কাপ গরম চা বা কফি। কিন্তু এই অভ্যাস আসলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। খালি পেটে বা অতিরিক্ত ক্যাফেইন শরীরে প্রবেশ করলে পেটের গোলমাল তো বাড়েই, সেই সঙ্গে অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ ও স্ট্রেস বহুগুণ বাড়িয়ে দেয়। তাই শরীর ও মনকে শান্ত রাখতে সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং ‘কর্টিসেল মকটেল’ বা অ্যান্টি-স্ট্রেস পানীয়।
কর্টিসেল কী এবং এটি কেন ক্ষতিকর?
সহজ কথায়, কর্টিসেল হলো আমাদের শরীরের একটি হরমোন। যখনই আমরা কোনো মানসিক বা শারীরিক চাপের মধ্য দিয়ে যাই, তখন শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোনটি নিঃসৃত হয়। একে অনেকেই শরীরের ‘ভিলেন হরমোন’ বলে থাকেন। স্বাভাবিক নিয়মে সকালে ঘুম থেকে ওঠার পর চনমনে থাকার জন্য শরীরে কর্টিসেলের মাত্রা বাড়ে এবং রাতে ঘুমানোর সময় তা কমে আসে। কিন্তু অতিরিক্ত মানসিক চাপের কারণে যদি শরীরে কর্টিসেলের মাত্রা সবসময় চড়া থাকে, তবে মেটাবলিজম বা হজমপ্রক্রিয়া নষ্ট হয়, রক্তে শর্করার মাত্রা বিঘ্নিত হয় এবং অনিদ্রার সমস্যা দেখা দেয়। একপর্যায়ে শরীর আর নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে পারে না।
কীভাবে কাজ করে ‘কর্টিসেল মকটেল’?
এই মকটেল কিন্তু কোনো অ্যালকোহল বা ক্ষতিকর উপাদান নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক ও পুষ্টিকর উপাদানের এক দারুণ মিশ্রণ। এতে সাধারণত ডাবের পানি, ফলের রস, সামুদ্রিক লবণ ও ম্যাগনেশিয়ামের মতো উপাদান ব্যবহার করা হয়। এসব উপাদান শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে। এর সোডিয়াম, পটাশিয়াম এবং প্রাকৃতিক গ্লুকোজ স্নায়ুতন্ত্রকে দ্রুত শান্ত করে চটজলদি ক্লান্তি দূর করে। এটি স্ট্রেস কমানোর কোনো স্থায়ী চিকিৎসা না হলেও, তাৎক্ষণিকভাবে মন মেজাজ ফুরফুরে করতে দারুণ কার্যকর।
ঘরে বসেই বানিয়ে নিন ২ রকমের কর্টিসেল মকটেল
মানসিক চাপ অনুভব করলেই ঝটপট ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই রিফ্রেশিং ড্রিংকস:
১. অরেঞ্জ কর্টিসেল মকটেল
উপাদান: ডাবের পানি ১৫০ মিলি, খাঁটি কমলালেবুর রস ১০০ মিলি, এক চিমটি সি সল্ট (সামুদ্রিক লবণ), স্পার্কলিং ওয়াটার বা সোডা ওয়াটার ১৫০ মিলি এবং ম্যাগনেশিয়াম পাউডার ১৫০ মিলিগ্রাম (ঐচ্ছিক)।
প্রস্তুত প্রণালী: সবগুলো উপাদান একসঙ্গে একটি গ্লাসে বরফ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের অরেঞ্জ কর্টিসেল মকটেল। এটি গরমে ক্লান্তি দূর করতেও দারুণ কাজ করে।
২. পাইনঅ্যাপেল কর্টিসেল মকটেল
উপাদান: ডাবের পানি ১৫০ মিলি, আনারসের রস ১২০ মিলি, কমলালেবুর রস ১৫ মিলি, স্পার্কলিং ওয়াটার ১২০ মিলি এবং এক চিমটি সি সল্ট।
প্রস্তুত প্রণালী: একটি জারে ডাবের পানি ও আনারসের রসের সাথে বাকি উপাদানগুলো মিশিয়ে ঝাঁকিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল চমৎকার আনারসের কর্টিসেল মকটেল।
পরের বার যখনই কাজের চাপে মাথা ধরে যাবে কিংবা অতিরিক্ত ক্লান্তি লাগবে, তখন চায়ের কাপে চুমুক না দিয়ে এই স্বাস্থ্যকর মকটেল ট্রাই করে দেখতে পারেন। এটি আপনার ক্যাফেইনের নেশা কাটানোর পাশাপাশি শরীরকে রাখবে হাইড্রেটেড ও চনমনে।