Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকা আমের শাহী মালাই কুলফি

লাইফস্টাইল ডেস্ক
২৮ জুন ২০২৬ ১৯:৪১

এই গরমে পাকা আমের সুস্বাদু ও চমৎকার একটি ডেজার্ট হলো মালাই কুলফি। এটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও দারুণ ক্রিমি ও মজাদার। সাধারণ আইসক্রিমের চেয়ে এর তৈরি পদ্ধতি কিছুটা ভিন্ন ও রাজকীয়। অতিথি আপ্যায়নে কিংবা শিশুদের মুখের রুচি বদলাতে ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই কুলফি।

আসুন জেনে নেই, পাকা আমের বিশেষ মালাই কুলফি তৈরির সহজ রেসিপি…

প্রয়োজনীয় উপকরণ

পাকা আম: ২টি (একটু বড় ও শক্ত সাইজের হলে ভালো হয়)
ঘন লিকুইড দুধ: ১ কাপ
গুঁড়ো দুধ: ৩-৪ চা চামচ
দুধের তাজা সর বা ফ্রেশ ক্রিম: ২ চা চামচ
চিনি: স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি

১. আমের আঁটি বের করা (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)

বিজ্ঞাপন

প্রথমে আম দুটি ভালো করে ধুয়ে নিন। এবার আমের বোঁটার কাছের অংশটি (মুখের দিক) সামান্য কেটে ঢাকনার মতো আলাদা করে রাখুন (এটি পরে কাজে লাগবে)। এখন একটি ধারালো ছুরি ও চামচের সাহায্যে আমের ভেতরের আঁটিটি আলতো করে ঘুরিয়ে খোসা ও পাল্প থেকে আলাদা করে টেনে বের করে আনুন। খেয়াল রাখবেন যেন আমের নিচের অংশ ফুটো হয়ে না যায়। আঁটি বের করার পর আম দুটিকে খাড়া করে রাখার জন্য দুটি ছোট গ্লাস বা কাপের ওপর বসিয়ে দিন।

২. মালাই তৈরি

একটি প্যানে তরল দুধ, গুঁড়ো দুধ, চিনির মিশ্রণ এবং দুধের সর একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। অনবরত নাড়তে থাকুন যেন নিচে লেগে না যায়। দুধ ঘন হয়ে যখন ক্ষীর বা মালাইয়ের মতো থকথকে হয়ে আসবে, তখন নামিয়ে ঘরের তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে নিন।

৩. কুলফি জমানো

এবার তৈরি করা ঠান্ডা মালাইটুকু সাবধানে আঁটি ছাড়ানো আমের ভেতরের ফাঁকা জায়গায় ঢালুন। মালাই ভরা হয়ে গেলে প্রথমে কেটে রাখা আমের মুখের অংশটি (ঢাকনা) দিয়ে ওপরটা আটকে দিন।

৪. ফ্রিজিং ও পরিবেশন

এবার গ্লাসসহ আম দুটিকে ডিপ ফ্রিজে (Deep Freezer) রেখে দিন সারারাত বা অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা, যেন ভেতরের মালাইটি শক্ত হয়ে জমে যায়। ফ্রিজ থেকে বের করে আমের ওপরের শক্ত ঢাকনা ফেলে দিন এবং একটি পিলার বা চুরির সাহায্যে আমের খোসাটি ছিলে নিন। এরপর গোল গোল চাকার (স্লাইস) মতো কেটে ওপর থেকে কিছু পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ স্বাদের পাকা আমের মালাই কুলফি!

সারাবাংলা/এনএল/এএসজি