ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমরা সবাই জানি। ভিটামিন ও মিনারেলে ভরপুর ফল শরীরকে ভেতর থেকে চাঙ্গা রাখে। কিন্তু আমরা সাধারণত ফল খেয়ে খোসাগুলো ডাস্টবিনে ফেলে দিই। এই ফেলে দেয়া খোসাতেই লুকিয়ে আছে রূপচর্চার আসল ম্যাজিক! বিশেষ করে গরমে ত্বকের ক্লান্তি দূর করতে এবং প্রাকৃতিক গ্লো বা উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফলের খোসা দারুণ কাজ করে।
আসুন জেনে নেই, কোন ফলের খোসা আপনার ত্বকের জন্য কেমন কাজ করবে এবং কীভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত…
তৈলাক্ত ত্বকের জন্য কমলার খোসা
কমলালেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। এটি ত্বকের অতিরিক্ত তেল বা সেবাম (Sebum) নিয়ন্ত্রণ করে ব্রণ হওয়ার প্রবণতা কমায় এবং মুখের কালো দাগ দূর করে।
ব্যবহারের নিয়ম: কমলার খোসা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে রেখে দিন। এবার এই গুঁড়োর সাথে সামান্য টক দই বা গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক হিসেবে মুখে লাগান।
শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার কলার খোসা
কলার খোসায় আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ভিটামিন A, B ও C। এটি শুষ্ক ত্বককে নরম ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণের কারণে এটি ত্বকের চুলকানি বা র্যাশ কমাতে ওস্তাদ।
ব্যবহারের নিয়ম: পাকা কলার খোসার ভেতরের সাদা অংশটি সরাসরি ত্বকে আলতো করে ঘষুন। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
মৃত কোষ দূর করতে পেঁপের খোসা
পাকা পেঁপের খোসায় ‘প্যাপেইন’ (Papain) নামক বিশেষ এনজাইম এবং ভিটামিন A ও E থাকে। এটি ত্বকের ওপরে জমে থাকা ডেড স্কিন বা মৃত কোষ দূর করে স্কিন টেক্সচার উন্নত করে।
ব্যবহারের নিয়ম: পেঁপের খোসার ভেতরের অংশটি সরাসরি মুখে ঘষতে পারেন অথবা পেস্ট করে মুখে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।
বয়সের ছাপ রুখতে ডালিমের খোসা
ডালিমের খোসা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি ত্বকের বলিরেখা বা ফাইন লাইনস প্রতিরোধ করে বয়সের ছাপ পড়তে দেয় না। পাশাপাশি ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে বাঁচায়।
ব্যবহারের নিয়ম: ডালিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর সামান্য লেবুর রস বা মধুর সাথে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান।
ত্বক টানটান রাখতে আপেলের খোসা
আপেলের খোসায় থাকা কপার এবং ভিটামিন A ও C ত্বকে প্রাকৃতিক উপায়ে ‘কোলাজেন’ উৎপাদন বাড়ায়। এটি ত্বককে টানটান ও তরুণ রাখে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে এনে দেয় এক চমৎকার লাবণ্য।
ব্যবহারের নিয়ম: আপেলের খোসা ছাড়িয়ে তা ব্লেন্ডারে ভালো করে বেটে নিন। এই পেস্টটি মুখে মেখে ১০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ছোট টিপস: যেকোনো ফেসপ্যাক মুখে লাগানোর আগে ফলের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে কোনো কীটনাশক বা ময়লা ত্বকে না লাগে।