Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যুর হোক টেনশন ফ্রি

লাইফস্টাইল ডেস্ক
১২ জুন ২০২৬ ১৬:৪৮

ভ্রমণ আমাদের একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় এবং মনকে চাঙ্গা করে তোলে। তবে অনেক সময় ছোট্ট কিছু ভুলের কারণে আনন্দের ভ্রমণও বিষাদে রূপ নিতে পারে। বুকিং বাতিল হওয়া, লাগেজ হারিয়ে যাওয়া কিংবা যাতায়াতের দেরি, ভ্রমণের সময় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেকোনো মুহূর্তেই তৈরি হতে পারে।

কিছু সাধারণ কৌশল জানা থাকলে যেকোনো সফরকে একদম চাপমুক্ত ও উপভোগ্য করে তোলা সম্ভব। আসুন জেনে নেই ঝামেলাহীন ভ্রমণের সেই জাদুকরী টিপসগুলো…

সব জরুরি জিনিস হাতব্যাগে রাখুন

ভ্রমণের সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো লাগেজ হারিয়ে যাওয়া বা পৌঁছাতে দেরি হওয়া। বিশেষ করে দূরপাল্লার বাস বা বিমান যাত্রায় এই সমস্যা প্রায়ই দেখা যায়।

বিজ্ঞাপন

স্মার্ট ট্রাভেল টিপ: মামুন রনির পরামর্শ হলো, প্রয়োজনীয় এক-দুই সেট পোশাক, দরকারি নথিপত্র, ওষুধ, চার্জার এবং মূল্যবান জিনিসপত্র সবসময় ব্যাকপ্যাক বা হাতব্যাগে রাখুন। এতে মূল লাগেজ আসতে দু-একদিন দেরি হলেও আপনার ভ্রমণে কোনো ছন্দপতন ঘটবে না।

অ্যালার্মহীন অলস সকালের আনন্দ নিন

ছুটিতে গিয়ে অনেকেই ঘড়ির কাঁটা ধরে ঘোরার পেছনে দৌড়ান। ভোর থেকে রাত পর্যন্ত একটানা ঘোরার কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। মনে রাখবেন, ছুটির মূল উদ্দেশ্যই হলো বিশ্রাম। তাই ভ্রমণের মাঝে অন্তত এক বা দুই দিন কোনো অ্যালার্ম রাখবেন না। মন চাইলে দেরিতে ঘুম থেকে উঠুন, অলস ভঙ্গিতে সকালের নাস্তা সারুন এবং নিজেকে সময় দিন। শরীর ফ্রেশ থাকলে পরের দিন ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

মূল ইভেন্টের অন্তত একদিন আগে পৌঁছান

আপনি যদি কোনো নির্দিষ্ট কনসার্ট, বিয়ে, ক্রুজ বা জরুরি মিটিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন, তবে মূল অনুষ্ঠানের ঠিক আগের দিন বা কয়েক ঘণ্টা আগে পৌঁছানোর পরিকল্পনা করবেন না। যানজট, আবহাওয়ার জটিলতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে যেকোনো সময় শিডিউল বিপর্যয় হতে পারে। তাই অন্তত ২৪ ঘণ্টা হাতে রেখে গন্তব্যে পৌঁছান। এতে ভ্রমণক্লান্তি যেমন দূর হবে, তেমনি যেকোনো ঝামেলা এড়ানো সহজ হবে।

কঠোর রুটিন নয়, তৈরি করুন ‘উইশ লিস্ট’

ঘণ্টা মেপে ভ্রমণের ছক তৈরি করলে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো যায় না। এর চেয়ে বরং আপনি যে এলাকায় যাচ্ছেন সেখানকার দর্শনীয় স্থান, বিখ্যাত ক্যাফে বা ঐতিহাসিক জায়গার একটি তালিকা বা ‘উইশ লিস্ট’ তৈরি করে রাখুন। পরিস্থিতি ও মেজাজ অনুযায়ী যখন যেখানে ইচ্ছে চলে যান। কোনো জায়গায় বেশি ভালো লাগলে সেখানে বাড়তি সময় কাটান। এতে ভ্রমণের রোমাঞ্চ ও স্বাধীনতা বজায় থাকে।

ছোট ছোট জিনিসে সুখ খুঁজুন

ভ্রমণ মানেই শুধু বিখ্যাত পর্যটন কেন্দ্রে সেলফি তোলা নয়। স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়া, অচেনা গলির দেয়ালচিত্র, রাস্তার ধারের কোনো ফুলের গাছ, পাহাড়ি শিশুর মিষ্টি হাসি কিংবা অচেনা কোনো খাবারের স্বাদ নেয়া, এই ছোটখাটো অভিজ্ঞতাই আসলে একটি ভ্রমণকে সারাজীবনের জন্য স্মরণীয় করে রাখে।

সারাবাংলা/এনএল/এএসজি