অনেক সময় দুপুরের বা রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে যাই। তবে এই বাসি ভাত ফেলে না দিয়ে বা অবহেলা না করে ঝটপট তৈরি করে নিতে পারেন মুচমুচে ও মুখরোচক পাকোড়া। বিকেলের চায়ের আড্ডায় গরম গরম এই নাস্তাটি টেবিলে এলে নিমেষেই প্লেট খালি হয়ে যাবে।
আসুন জেনে নেই সহজ এই রেসিপিটি …
প্রয়োজনীয় উপকরণ
উদ্বৃত্ত ভাত: ২ কাপ
ডিম: ১টি
বেসন: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ১টি বড় সাইজের
কাঁচা মরিচ কুচি: স্বাদ ও ঝাল অনুযায়ী
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: সামান্য
লবণ: স্বাদমতো
ভাজার তেল: পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
মিশ্রণ তৈরি: প্রথমে একটি বড় পাত্রে বাসি ভাত নিয়ে হাত দিয়ে সামান্য চটকে নিন। এবার ভাতের সাথে ডিম ও বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একে একে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মিশ্রণটি শক্ত করে মেখে নিন।
তেল গরম করা: চুলার মাঝারি আঁচে কড়াইতে তেল গরম হতে দিন। খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে পাকোড়া ছাড়ার সাথে সাথেই ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে।
পাকোড়া ভাজা: তেল মাঝারি গরম হলে মেখে রাখা ভাতের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়ার আকারে তেলের মধ্যে ছাড়ুন।
মচমচে করা: পাকোড়াগুলোর চারপাশ উল্টেপাল্টে গোল্ডেন ব্রাউন বা সোনালী রঙ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিন।
পরিবেশন: ভাজা হয়ে গেলে তেল ছেঁকে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। এবার ওপরে সামান্য বিট লবণ ছিটিয়ে টমেটো সস কিংবা পুদিনা পাতার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এই পাকোড়া।