ব্যস্ত জীবনে ঝটপট খাবার গরম করা কিংবা টুকিটাকি বেকিং, সবখানেই মাইক্রোওভেন আমাদের পরম বন্ধু। প্রায় প্রতিদিনই এই যন্ত্রটি ব্যবহার করা হলেও, এর ভেতরের তেলচিটে ভাব আর সসের জেদি দাগগুলো নিয়মিত পরিষ্কার করা হয়ে ওঠে না। ফলে ওভেন যেমন তার কার্যক্ষমতা হারায়, তেমনি এটি হয়ে উঠতে পারে ক্ষতিকর জীবাণুর নিরাপদ আশ্রয়। ওভেন পরিষ্কারের জন্য অনেকে লেবু ব্যবহার করলেও, রান্নাঘরের অতি সাধারণ দুটি উপাদান,ভিনেগার এবং ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে মাত্র ১৫ মিনিটে ওভেনের ভেতর-বাহির নতুনের মতো ঝকঝকে করে ফেলা সম্ভব।
আসুন জেনেনেই সেই জাদুকরী ও সহজ উপায়…
ভিনেগারের বাষ্প তৈরি করুন (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)
ওভেনের ভেতরের শক্ত হয়ে যাওয়া ময়লা নরম করতে ভিনেগারের বাষ্প ম্যাজিকের মতো কাজ করে।
করণীয়: একটি মাইক্রোওভেন-সেফ (ওভেনে ব্যবহারোপযোগী) বাটিতে ২ কাপ পানি এবং ২ টেবিল চামচ ভিনেগার নিন। বাটিটি ওভেনে ঢুকিয়ে ৩ মিনিট গরম করুন। গরম করা শেষ হলে ওভেনের দরজা না খুলে ওই অবস্থাতেই ১৫ মিনিট রেখে দিন। ভেতরে তৈরি হওয়া বাষ্প জমে থাকা সব ময়লা ও চর্বি একদম নরম করে দেবে।
জেদি দাগে স্প্রে করুন
যদি ওভেনের দেয়ালে কোনো তরকারি বা তেলের কড়া দাগ লেগে থাকে, তবে তার জন্য একটি ঘরোয়া ক্লিনার বানিয়ে নিন।
করণীয়: একটি স্প্রে বোতলে সমপরিমাণ ভিনেগার ও পানি একসাথে মিশিয়ে নিন। ওভেনের ভেতরের জেদি দাগগুলোর ওপর সরাসরি এটি স্প্রে করে কয়েক মিনিট রাখুন, তারপর নরম কাপড় দিয়ে মুছে নিন।
ভেতরের অংশ ও কাঁচের প্লেট পরিষ্কার
ভিনেগারের বাষ্পের কাজ শেষ হলে সাবধানে ওভেনের ভেতরের কাঁচের প্লেট বা টার্নটেবলটি বের করে আনুন।
ভেতরের অংশ: একটি মাইক্রোফাইবার কাপড় বা নরম স্পঞ্জ ভিনেগারের পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার ওভেনের ভেতরের দেয়াল ও ছাদ আলতো করে ঘষে মুছে নিন। সব ময়লা এক টানে উঠে আসবে। পরিষ্কার শেষে ওভেনের দরজা কিছুক্ষণ খোলা রাখুন।
কাঁচের প্লেট: হালকা গরম পানিতে বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে কাঁচের প্লেটটি স্পঞ্জ দিয়ে মেজে ধুয়ে নিন। শুকিয়ে গেলে আবার ওভেনে সেট করুন।
ওভেনের বাইরের অংশ পরিষ্কার
ভেতরটা তো হলো, এবার ওভেনের বাইরের অংশ এবং এর গ্লাসটি নতুনের মতো উজ্জ্বল করার পালা।
করণীয়: ওভেনের বাইরের বডি পরিষ্কার করতে অল-পারপাস ক্লিনার ব্যবহার করতে পারেন। যদি তা হাতের কাছে না থাকে, তবে পানি, ভিনেগার আর সামান্য লিকুইড সাবান একসাথে মিশিয়ে কাপড়ে নিয়ে ওভেনের ওপর ও চারপাশ ভালো করে মুছে নিন।
সতর্কতা: ওভেন পরিষ্কার করার আগে অবশ্যই মেইন পাওয়ার স্যুইচ বন্ধ করে প্লাগটি খুলে নিন। ওভেনের ভেতরে কোনোভাবেই যেন সরাসরি পানি ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখুন।