তপ্ত গ্রীষ্মে শরীর ও মনকে সতেজ করতে এক গ্লাস ঠান্ডা ফলের রসের জুড়ি নেই। বাজারে এখন রসালো ও মিষ্টি লিচুর সমাহার। সাধারণত লিচু আমরা এমনিতেই খেয়ে থাকি, তবে এই গরমে লিচু দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন চমৎকার এক গ্লাস জুস। এটি যেমন সুস্বাদু, তেমনই মুহূর্তেই ক্লান্তি দূর করতে দারুণ কার্যকরী।
প্রয়োজনীয় উপকরণ
একেবারে ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করে নেওয়া যায় এই রিফ্রেশিং ড্রিংক…
তাজা লিচু: ১২-১৫টি (খোসা ও বিচি ছাড়ানো)
ঠান্ডা পানি: ২ গ্লাস
চিনি: স্বাদ ও পছন্দ অনুযায়ী
লবণ বা বিট লবণ: এক চিমটি (স্বাদ বাড়ানোর জন্য)
বরফ কুচি: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালী
সহজ এই ৩টি ধাপে তৈরি করে নিন আপনার পছন্দের জুস…
ধাপ ১ (ব্লেন্ড করা):
প্রথমে একটি পরিষ্কার ব্লেন্ডার জারে খোসা ও বিচি ছাড়িয়ে রাখা লিচুর কোয়াগুলো নিন। এর সাথে চিনি এবং সামান্য লবণ যোগ করুন। এবার ব্লেন্ডারের ঢাকনা আটকে উপাদানগুলো ভালোভাবে পেস্ট করে নিন।
ধাপ ২ (পানি মেশানো):
লিচু ভালোভাবে পেস্ট হয়ে এলে জারের মধ্যে দুই গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিন। এরপর আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিন যেন পানির সাথে লিচুর রস পুরোপুরি মিশে যায়। (আপনি চাইলে এই পর্যায়ে জুসটি ছেঁকে নিতে পারেন, আবার আঁশসহ খেতে চাইলে না ছাকলেও চলবে)।
ধাপ ৩ (পরিবেশন):
এবার জুসটি সুন্দর দুটি কাঁচের গ্লাসে ঢালুন। ওপর থেকে কয়েকটি বরফের টুকরো (আইস কিউব) ছেড়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা লিচুর জুস!
ছোট টিপস: জুসের স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নিতে চাইলে ব্লেন্ড করার সময় সামান্য লেবুর রস অথবা দুই-তিনটি পুদিনা পাতা যোগ করতে পারেন। এতে চমৎকার একটা রিফ্রেশিং ফ্লেভার আসবে।