Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাংসের একঘেয়েমি তাড়াতে জাদুকরী বাদাম ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
৪ জুন ২০২৬ ১৮:৩৬

উৎসবের দিনগুলোতে টানা মাংসের নানা পদের ভিড়ে মুখের স্বাদ অনেক সময় একঘেয়ে হয়ে ওঠে। এই সময়ে খাবারের টেবিলে একটু ভিন্নতা ও মুখের রুচি ফিরিয়ে আনতে জাদুকরী ভূমিকা রাখতে পারে চিনা বাদামের স্পেশাল ভর্তা।

খুবই কম সময়ে ও ঝটপট তৈরি করা যায় এই পদটি। মাংসের চর্বিযুক্ত ও ভারী স্বাদের পর এই বাদাম ভর্তা শুধু মুখের স্বাদই বদলাবে না, বরং গরম ভাতের সাথে তৃপ্তি বাড়িয়ে দেবে দ্বিগুণ। অতিথি আপ্যায়নেও এটি হতে পারে আপনার টেবিলের অন্যতম আকর্ষণ।

প্রয়োজনীয় উপকরণ

খাবারের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো গুছিয়ে নিন…

ভাজা চিনা বাদাম: ১ কাপ
পেঁয়াজ কুচি: ২টি (মাঝারি আকারের)
রসুন: ৩ থেকে ৪ কোয়া
কাঁচামরিচ ও ভাজা শুকনা মরিচ: স্বাদ ও ঝাল অনুযায়ী
ধনেপাতা কুচি: ইচ্ছেমতো
সরিষার তেল: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালী

খুব সহজ কয়েকটি ধাপে তৈরি করে নিন এই লোভনীয় ভর্তা…

ধাপ ১ প্রথমে কাঁচা চিনা বাদাম ভালো করে ভেজে নিয়ে ওপরের পাতলা লাল খোসাটা পরিষ্কার করে নিন। (বাজারে ভাজা বাদাম পাওয়া গেলে কাজটা আরও সহজ হয়ে যায়)।

ধাপ ২: এবার খোসা ছাড়ানো বাদামগুলো পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে হালকা ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন যেন একদম মিহি পেস্ট না হয়ে একটু দানা দানা থাকে, এতে কামড়ে বাদামের স্বাদ পাওয়া যায়।।

ধাপ ৩: এরপর পেঁয়াজ, রসুন, কাঁচা ও শুকনা মরিচ, ধনেপাতা এবং লবণ একসাথে পাটায় হালকা করে থেঁতলে বা বেটে নিন।

ধাপ ৪: এবার বেটে রাখা বাদামের সাথে এই মসলার মিশ্রণটি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিন।

ধাপ ৫: সবশেষে ওপর থেকে খাঁটি সরিষার তেল ছড়িয়ে দিন এবং আরও একবার আলতো করে মেখে নিন।

ব্যস, মুহূর্তেই তৈরি হয়ে গেল জিভে জল আনা সুস্বাদু বাদাম ভর্তা! এবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ এই পদ।