ঈদে অতিথি আপ্যায়নে বা পরিবারের মুখের স্বাদ বদলাতে মাংসের পদে আনতে পারেন চমৎকার এক টুইস্ট। এবারের ঈদে মেন্যুতে যোগ করতে পারেন টমেটোর জুসি ফ্লেভারে ভরপুর ঐতিহ্যবাহী ‘লাহোরি মাটন’।
আসুন জেনে নেই, সহজ ধাপে এর জিভে জল আনা রেসিপিটি…
প্রয়োজনীয় উপকরণ
খাসির মাংস: ১.৫ কেজি
পেঁয়াজ কুচি: ৫০০ গ্রাম
টমেটো (মাঝারি সাইজের): ৫-৬টি
আদা-রসুন বাটা: ৩-৪ টেবিল চামচ
কাশ্মীরি বা হাটহাজারীর লাল মরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ২ চা চামচ
জিরা গুঁড়ো: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ
আস্ত গরম মসলা: দারুচিনি ২ টুকরো, এলাচ ৪-৫টি, লবঙ্গ ৪-৫টি
রান্নার তেল: আধা কাপ
কাঁচামরিচ: ৬-৭টি
ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ
লবণ: স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালী
ধাপ ১: স্পেশাল টমেটো পেস্ট তৈরি
১. প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
২. টমেটোগুলোর মাঝখান দিয়ে ছুরি দিয়ে হালকা দাগ কেটে নিন। এবার ফুটন্ত গরম জলে টমেটোগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে সহজেই গায়ের খোসা ছাড়িয়ে নিন।
৩. খোসা ছাড়ানো টমেটোর সাথে কাঁচামরিচ, আদা-রসুন বাটা, জিরা, গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ তেল ও সামান্য জল একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট বা পিউরি বানিয়ে নিন।
ধাপ ২: মাংস কষানো
১. রান্নার পাত্রে তেল গরম করে তাতে আস্ত দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী বা বাদামি করে ভেজে নিন।
২. এবার পাত্রে খাসির মাংস ও স্বাদমতো লবণ দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ১০ থেকে ১৫ মিনিট মাংসটা ভালো করে ভাজুন, যতক্ষণ না মাংসের রঙ বদলে যাচ্ছে।
৩. মাংস ভাজা হলে এতে হলুদ, লাল মরিচ ও ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
ধাপ ৩: ভুনা ও দমে রান্না
১. এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা টমেটোর স্পেশাল পেস্টটি মাংসে ঢেলে দিন। এবার সময় নিয়ে মসলার সাথে মাংস খুব ভালো করে কষাতে থাকুন।
২. মসলা থেকে তেল ওপরে ভেসে উঠলে সামান্য জল যোগ করুন। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
৩. ঝোল মাখামাখা হয়ে এলে ওপর থেকে কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গরম গরম লাহোরি মাটন। ঈদের দুপুরে বা রাতে নান রুটি, পরোটা কিংবা সুগন্ধি পোলাওয়ের সাথে এটি দারুণ জমবে!